গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য খুলনা সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী ২২ অক্টোবর তিনি খুলনা সফরে যাচ্ছেন বলে জানা গেছে। সফরকালে প্রধানমন্ত্রী দাকোপ উপজেলার নলিয়ান হয়ে সুন্দরবনের করমজল পরিদর্শনের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ও সফরসূচি নির্বিঘ্ন করতে শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় জুমার নামাজ শেষে দাকোপ উপজেলার নলিয়ান, করমজল, হারবারিয়া, আকরাম পয়েন্ট ও হিরন পয়েন্ট এলাকা পরিদর্শন করেছে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে আয়োজিত এই পরিদর্শনে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শকালে যাতায়াত ব্যবস্থা, সার্বিক নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনা জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিএনপির পক্ষ থেকেও ব্যাপক সাংগঠনিক ও অভ্যর্থনামূলক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিসি) মো. জহুরুল ইসলাম সফর ঘিরে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতির তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর খুলনা আগমনকে ঘিরে নিরাপত্তা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
