

সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মঙ্গলবাড়ি ফুটবল একাডেমী ৩-০ গোলে সিরাজগঞ্জ দলকে পরাজিত করেছে।
সোমবার (১২ অক্টোবর) সাপাহার উপজেলার গোপালপুর মাদ্রাসা মাঠে বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন শিরন্টি ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), গোপালপুর ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেসুর রহমান (মুকুল)।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।
কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘর থেকে শুরু করি,"দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার পাপিয়া সুলতানা লিজা , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বরকত, ইন্সপেক্টর নাহিদ হাসান,উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, শিক্ষক খন্দকার নিজামুল হক, রিপোর্ট ফোরামের সভাপতি মোঃ ফারুক আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আসিফ আহমেদ প্রমুখ।

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সামাজিক নিরাপত্তা জোরদার এবং স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় প্রেস কনফারেন্সে রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক বায়েজিদ বাপ্পি, সাংবাদিক তুহিন সিকদার, সুপারভাইজার মিনহাজুল ইসলাম সুজন, জসিম উদ্দিন নিক্সনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল জানান, এ কার্যক্রমের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা এবং দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘরথেকে শুরুকরি,দূর্যোগ সহনশীল দেশগড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মাটিরাঙ্গা এর সার্বিক ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া প্রর্দশনী করা হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়তা উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন। এ সময়, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার মো. মোশারফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো.হারুন উর রশীদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ফায়ার সার্ভিস এর সদস্য,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দুমকিতে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ
পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের বিশেষ অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত পায়রা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পায়রা নদীর বাহেরচর, পশ্চিম আঙ্গারিয়া, আলগি, রাজাগঞ্জ ও চান্দখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, অভিযানে জব্দ করা কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে।

দুর্গাপূজার তৈজসপত্র তৈরিতে ব্যস্ত রাজারহাটের কুমারপাড়া
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মৃৎশিল্পীরা। পূজার বিভিন্ন কাজে ব্যবহৃত মাটির প্রদীপ, ধূপদানি, সরা ও অন্যান্য সামগ্রী তৈরি করছেন তাঁরা। দিনরাত পরিশ্রম করে এসব সামগ্রী তৈরি ও বিক্রির জন্য প্রস্তুত করছেন কারিগররা। কুমারপাড়া গিয়ে দেখা যায়,কুমাররা মাটির তৈরি জিনিস রোদে শুকিয়ে নিচ্ছেন। শুকানোর পর সেগুলো আগুনে পুড়িয়ে ব্যবহার উপযোগী করা হবে। প্রতিটি সামগ্রী তৈরিতে রয়েছে কারিগরদের নিপুণ হাতের ছোঁয়া ও দীর্ঘদিনের অভিজ্ঞতা। মৃৎশিল্পীদের কাছে দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং বাড়তি আয়েরও একটি উপলক্ষ। এ সময় মাটির সামগ্রীর চাহিদা বাড়বে—এমন প্রত্যাশায় আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তবে মাটির দাম, জ্বালানি ও শ্রমের খরচ বেড়ে গেলে লাভের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। উপজেলার মৃৎশিল্পী শিবু চন্দ্র পাল জানান,এটি আমাদের পূর্বপুরুষের পেশা।পরিবারের সকলে এই পেশায় জড়িত। তবে এসকল উপকরণ তৈরিতে খরচ বৃদ্ধ হওয়ায় কিছুটা বেগ পোহাতে হচ্ছে। তবুও পারিবারিক পেশাকে টিকিয়ে রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শিবু চন্দ্র পালের সহধর্মিনী কণিকা রানী পাল জানান, সংসারের কাজের পাশাপাশি অবসর সময়ে স্বামীকে সাহায্য করে থাকি।এতে তার জন্য কাজটি খানিকটা সহজ হয়ে যায়।সেই সাথে সংসারে দুই-চার টাকা বাড়তি আয় হলে পরিবারের কিছুটা স্বচ্ছলতা ফিরবে। স্থানীয় অপর মৃৎশিল্পী প্রদীপ কুমার রায় জানান, আমার বাবা খগেন রায় অর্ধশতাধিক বছর ধরে এই পেশায় জড়িত।বাবার পেশাকে টিকিয়ে রাখতেই এই পেশায় আসা।তবে এ-কাজের পাশাপাশি অন্য কাজও করতে হয়।উপকরণ সামগ্রীর খরচ বৃদ্ধি হওয়ায় এ পেশায় টিকিয়ে রাখা কঠিন হচ্ছে। কুমারদের প্রত্যাশা, দুর্গাপূজাকে কেন্দ্র করে মাটির তৈরি সামগ্রীর ভালো চাহিদা তৈরি হবে। এতে তাঁদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি পরিবারের জীবিকাও কিছুটা স্বস্তি পাবে।


