“আমরা চাই বাংলাদেশ স্বাধীনের সময় যেরকম সব মানুষ, সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, আমরা চাই সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে এই দেশকে গড়ার জন্য।”
Published : 20 Oct 2026, 12:51 PM
Updated : 20 Oct 2026, 12:51 PM
মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুর্গাপূজার নবমীতে রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ দেখতে যাওয়ার পথে পাগলাপীরে এক পথসভায় তিনি বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করে দেশ স্বাধীন করেছে। এখন সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চান তিনি।
“আজকে এই যে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছে, তাদের একটি উৎসব আজকে শারদীয় দুর্গাপূজা উৎসব। আমরা চাই বাংলাদেশ স্বাধীনের সময় যেরকম সব মানুষ, সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, আমরা চাই সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে এই দেশকে গড়ার জন্য।”
প্রধানমন্ত্রী বলেন, “আসুন আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা হবে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যারা আমরা আছি এই বাংলাদেশে, এই দেশটা আমাদের।”
এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কর্মসূচি। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে।
এসব উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রত্যেক শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তার সরকার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তারেক রহমানের প্রথম রংপুর সফর।
এদিন তিনি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন। তিন মহানগরে পূজামণ্ডপ দেখে রাতে ঢাকায় ফিরবেন।
