Published on
:
1 min read
বর্ষা এলে প্রতি বছরেই প্রমাদ গুনতে হয় হাওড়া জেলার আমতার বাসিন্দাদের। জলমগ্ন হয় বিস্তীর্ণ এলাকা। গত কয়েক বছর ধরে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ক্ষতির সম্মুখীন হতে হয় চাষিদের। সেই সমস্যার সুরাহা হতে চলছে পুজোর পরেই? সেরকমটাই আশ্বাস দিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত।
বিধায়ক জানিয়েছেন, প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে আমতা বিধানসভা এলাকার সাতটি নিকাশি ও সেচ খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। টাকা অনুমোদন হয়ে গিয়েছে। পুজোর পরেই সেই কাজ শুরু হবে।
আমতা বিধানসভা এলাকা বরাবরই বন্যাপ্রবণ। এখানকার মানুষের অন্যতম প্রধান জীবিকা কৃষিকাজ। নিকাশি ও সেচ খালের গুরুত্ব এখানে অপরিসীম। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে সেই ভাবে নিকাশি ও সেচ খাল সংস্কার করা হয়নি। শুধুমাত্র মেজর ইরিগেশন ফ্লাড কন্ট্রোল প্রজেক্টে বড় বড় কয়েকটি খাল সংস্কার হয়েছিল। কিন্তু মাঠের মধ্যে জল পৌঁছনো থেকে শুরু করে নানা কাজে সহায়তাকারী অনেক খালই সংস্কার হয়নি। ফলে বর্ষা এবং গরমে চাষিরা সমস্যায় পড়তেন। কারণ বর্ষার জল নিকাশি হওয়ার সমস্যা হতো। তেমনি গরমে চাষের জন্য ডিভিসির ছাড়া জল পেতেও চাষিরা সমস্যায় পড়তেন। সেই সমস্যা সমাধানে চাষিরা আবেদন জানিয়েছিলেন বিধায়ক অমিত সামন্তর কাছে।
সেচ দপ্তর বিষয়টি বিবেচনা করে খাল সংস্কারের অনুমতি দেয় এবং অর্থ দপ্তর থেকেও অনুমোদন পেয়েছে। বিধায়ক অমিত সামন্ত জানান, প্রায় ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুজোর পরেই সেই কাজ শুরু হয়ে যাবে। পাশাপাশি আরো সাতটি গুরুত্বপূর্ণ খাল সংস্কারের জন্য সেচ দপ্তরের অনুমোদন পেয়েছে। সেগুলো অর্থ দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই ১৪টি খাল সংস্কার হয়ে গেলে আমতার কৃষকরা অনেকটাই উপকৃত হবেন।
