ঠাকুর দেখতে বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনা। ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেচেদার শান্তিপুরের হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক। বাইক ও স্কুটির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ জনের। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন বাইক ও স্কুটির আরোহীরা। রাতের অন্ধকারে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাতে বাইক ও স্কুটিটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
অন্যদিকে, মৃত তিনজনের মধ্যে একজন কোলাঘাট থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাইক ও স্কুটির কোনও আরোহীর মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক। ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেয়। রাতের বেলায় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে উৎসবের মাঝে এলাকায় শোকের ছায়া।
