নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। গ্রেপ্তার বাকি দুজন হলেন আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান। বুধবার রাত আড়াইটায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আতিকুল ইসলাম অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই। অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামানের ছেলে।
ফতুল্লা থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ‘সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
তাদের আইনজীবী ও ডা. সেলিনা হায়াৎ আইভীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, ‘গত ২৪ সেপ্টেম্বর ফতুল্লা থানায় দায়ের করা একটি মামলায় অ্যাডভোকেট কাজল, তার ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি আওয়ামী লীগের পক্ষে মিছিল করার প্রস্তুতির অভিযোগে দায়ের করা হয়।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক মেয়র আইভী জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন। ওই সময় আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে।
