বাংলাদেশি রোগীদের জাপানে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়াতে চিকিৎসা পর্যটন ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও জাপানের সংশ্লিষ্ট সংগঠনগুলো।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশি রোগীদের জাপানে চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া সহজ এবং উন্নত চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) ও জাপানের ইন্টারন্যাশনাল মেডিকেল কো-অর্ডিনেটর কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (জিমকা) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের মধ্যে চিকিৎসা পর্যটন এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
আয়োজকরা জানান, এই সমঝোতার মাধ্যমে জাপানে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের যাতায়াত ও চিকিৎসাসংক্রান্ত সমন্বয় সহজ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাপানের উন্নত হৃদরোগের চিকিৎসা, রোবোটিক চিকিৎসাপ্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্পর্কে বাংলাদেশি রোগীদের জানার সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে ‘জাপানে হৃদরোগের চিকিৎসার অগ্রগতি’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওভাসকুলার মেডিসিন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিরোমাসা ওতাকে। তিনি হৃদরোগের আধুনিক চিকিৎসা, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি) এবং জটিল করোনারি ইন্টারভেনশনে তার অভিজ্ঞতা তুলে ধরেন।
আন্তর্জাতিক চিকিৎসা যোগাযোগবিষয়ক অধিবেশনে বক্তব্য দেন কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারন্যাশনাল মেডিকেল কমিউনিকেশন সেন্টারের প্রধান অধ্যাপক তোমো ইতো। তিনি আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জিমকার সেক্রেটারি জেনারেল কাতসুয়া সাকাগামি, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কিয়োশি আমাদা ও সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ইউকো মোরিকাওয়া ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বোর্ড পরিচালক ফুতোশি কোনো উপস্থিত ছিলেন।
বিএমটিএ’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, সহ-সভাপতি এএমআর মজুমদার লিটন, শাব্বির আহমদ তামিম ও আবদুর রশিদ এবং সাধারণ সম্পাদক একেএম মুফাসসেরুল হকসহ অন্য সদস্যরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সভাপতি রাশেদ রাব্বি এবং বর্তমান সাধারণ সম্পাদক মুজাহিদ শুভসহ অনেকে।
বিএমটিএ ২০২১ সাল থেকে বাংলাদেশে চিকিৎসা পর্যটন ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব নিয়ে কাজ করছে। অন্যদিকে জিমকা জাপানে চিকিৎসা নিতে আগ্রহী আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করে।
