ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে মিছিলের বিষয়টি যাচাই করে দেখার কথা জানিয়েছে পুলিশ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন থেকে মিছিলটি শুরু হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে হরি এলাকায় ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
সূত্রের দাবি, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সার্বিক সহযোগিতায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মণ্ডল।
মিছিলে উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনোয়ার হোসেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, অনেক সময় পলাতক ব্যক্তিরা পুরোনো ভিডিও ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। নিষিদ্ধ সংগঠনের কোনো মিছিল সত্যিই হয়েছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
