কালবেলা · সাধারণ
পূজা দেখতে বেরিয়ে নসিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু
২০/১০/২০২৬

যশোরের ঝিকরগাছায় দুর্গাপূজা দেখতে বেরিয়ে গরু বহনকারী নসিমন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আনন্দঘন এক পরিবারের পূজার আনন্দ এক নিমিষেই শোকে পরিণত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, মিশ্রীদেয়াড়া গ্রামের যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিক্ষক সাধন কুমার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন। তাদের বহনকারী ভ্যানটি ফুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই দুই ভাই-বোন শোভন ও দিশা প্রাণ হারায়।
দুর্ঘটনায় শিশুদের বাবা সাধন কুমার ও তার স্ত্রী সামান্য আঘাত পেয়ে বেঁচে গেলেও দুই সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন।
অপরদিকে, অনিয়ন্ত্রিত গতির নসিমন চালক ও এর এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নসিমন চালকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মূল প্রতিবেদনে যান ↗