দীর্ঘদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন কণ্ঠশিল্পী শিলা। ২০০০ সালে সংগীতজীবন শুরু করা এই গায়িকা একসময় নিয়মিত গান করলেও মাঝে একক গান প্রকাশ থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতি পেরিয়ে এবার তিনি প্রকাশ করেছেন ‘আমি তোমার বুলবুলি’ শিরোনামের নতুন গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।
জানা গেছে, সম্প্রতি ‘আমি তোমার বুলবুলি’ শিরোনামের গানটি শিলার ইউটিউব চ্যানেল থেকে সংগীতচিত্রসহ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মাধ্যমেও গানটি শোনা যাচ্ছে।
আগামী দিনেও শ্রোতাদের জন্য নতুন ও ভালো গান উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিলা। তিনি বলেন, ‘আমি তোমার বুলবুলি’ গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং সবার ভালোবাসা অর্জন করবে। এখন থেকে আমাকে গানে নিয়মিত পাওয়া যাবে। সামনে নতুন আরো কিছু গান আসছে, যা ধারাবাহিক ভাবে মুক্তি পাবে। এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করব।
এর আগে ২০০৯ সালে সাউন্ডটেক থেকে শিলার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছিল। সেসব গানের সুর ও সংগীতায়োজন করেছিলেন রাজীব। এ ছাড়া কয়েকটি গানে যুক্ত ছিলেন গীতিকার আহমেদ রিজভী।
প্রায় ২৫ বছর ধরে গান ও সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পী শিলা। দীর্ঘ সংগীতজীবনে দেশের বিভিন্ন স্থানে মঞ্চানুষ্ঠান ও সংগীত আয়োজনে গান পরিবেশন করেছেন তিনি। দেশের বাইরেও বিভিন্ন মঞ্চে গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন এই কণ্ঠশিল্পী।
এ ছাড়া বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন শিলা। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সরাসরি সংগীতানুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। সংগীতজীবনে গানের জন্য পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা।
দীর্ঘদিনের সংগীতচর্চা, অভিজ্ঞতা ও শ্রোতাদের ভালোবাসাকে সঙ্গী করে শিল্পী শিলা আরও বহুদূর এগিয়ে যেতে চান।
এমএমটি
-20261018063357.jpg&w=1440&q=75)