Published on
:
2 min read
সন্ধেয় রাস্তা জুড়ে রং। রাত বাড়তেই শুরু হলো রং ওঠানোর কাজ। আসানসোলে ফিরল পুরোনো রাস্তা। আসানসোলের ভগৎ সিং মোড়ে বুধবার রাতে দেখা গেল সেই ছবি। কলকাতায় চিংড়িঘাটার ঘটনার পরে এ বার আসানসোলে রাস্তা থেকে রং তুলে দেওয়া হলো। রাস্তা রঙিন করার কাজ বন্ধ। শহরকে সুন্দর করে সাজানোর জন্য বুধবার শহিদ ভগৎ সিং মোড়ে সন্ধেয় রাস্তায় রং করা হয়েছিল। এরইমধ্যে চিংড়িঘাটার ঘটনা ঘিরে জোর চর্চা শুরু হয়। সেই আবহে পশ্চিম বর্ধমানের আসানসোলের রাস্তা থেকে তুলে দেওয়া হয় রং। ফেরে চেনা চেহারা।
বিভিন্ন রং প্রস্তুতকারী সংস্থার সিএসআর প্রজেক্টের তহবিলের অর্থে এই সৌন্দর্যায়নের কাজ চলছিল। কিন্তু চিংড়িঘাটায় বৃষ্টিতে ওই রঙিন রাস্তায় মোটরবাইক স্কিড করে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় আসানসোলে আর কোনও ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। রাজ্যের পুর ও নগরন্নোয়ন দপ্তরের নির্দেশে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।
এক নজরে
আসানসোলের শহিদ ভগৎ সিং মোড়ে বুধবার রাতে রং তুলে দেওয়ার কাজ হয়।
বৃষ্টিতে রঙিন রাস্তায় বাইক স্কিড করার ঘটনা সামনে আসার পরে রাস্তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।
আসানসোলে সৌন্দর্যায়নের এই কাজ আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দপ্তরের নির্দেশেই তড়িঘড়ি রং তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে খবর।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মানুষের অসুবিধা হয় এমন কিছু করা হবে না।
পুর ও নগরন্নোয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রথম থেকেই জানিয়েছেন, রাস্তায় যে রং ব্যবহার করা হয়েছে, তা অ্যান্টি স্কিড। তবে এই রং নিয়ে বিতর্ক শুরু হতেই বদল আসছে ছবিতে। চিংড়িঘাটায় বসানো হয়েছে রোড ক্যাটস আই। গড়িয়াহাটে রাতভর ঘষা হয়েছে রং। আসানসোলে রাস্তা থেকে রং তোলা হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, মানুষের অসুবিধা হয়, এমন কিছু কখনওই করা হবে না।
অগ্নিমিত্রা পাল বলেন, ‘গড়িয়াহাট ব্রিজ, চিংড়িঘাটা ব্রিজ ও রেড রোডের সৌন্দর্যায়নের কাজ বিভিন্ন রং প্রস্তুতকারী সংস্থার সিএসআর তহবিলের মাধ্যমে করা হয়েছে। এই কাজের জন্য সরকারি বা জনগণের অর্থ ব্যয় করা হয়নি। রাস্তার রং করার কারণে মোটরসাইকেল স্কিড করার ঘটনা ঘটছে কি না, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে নাগরিকদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চিংড়িঘাটা ব্রিজের কিছু অংশে স্ক্র্যাপিংয়ের কাজ করা হয়েছে। বাংলার সাধারণ মানুষের কথাই আমাদের কাছে শেষ কথা। বৃষ্টি বা অন্য কোনও কারণে এই সৌন্দর্যায়নের কাজ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে বলে নাগরিকরা জানালে, তাঁদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে আমরা তা খতিয়ে দেখব এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেব।’
FAQ
আসানসোলে রাস্তা থেকে রং তুলে দেওয়া হল কেন?
চিংড়িঘাটা উড়ালপুলে বৃষ্টির মধ্যে রঙিন রাস্তার উপরে মোটরবাইক পিছলে পড়ার ঘটনা সামনে আসার পর আসানসোলেও রাস্তার রং নিয়ে সতর্ক হয় প্রশাসন। বুধবার রাতে শহরের শহিদ ভগৎ সিং মোড়ে রাস্তা থেকে রং তুলে দেওয়া হয়।
আসানসোলের কোথায় রাস্তা থেকে রং তোলা হয়েছে?
পশ্চিম বর্ধমানের আসানসোলের শহিদ ভগৎ সিং মোড়ে রাস্তায় রং করার পর রাতেই তা তুলে দেওয়ার কাজ শুরু হয়। এর ফলে রাস্তাটি ফিরে পায় পুরোনো চেহারা।
রঙিন রাস্তা তৈরির কাজ কি বন্ধ হচ্ছে?
আসানসোলে রঙিন রাস্তা তৈরির কাজ বন্ধ করা হয়েছে।