লক্ষ্মীপুরের রায়পুরে অ্যান্ড্রয়েড মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রুবেল হোসেন (৩৪) ও শাকিল আহমেদ (২৭) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে মো. রুবেলের দুই চোখের আঘাত অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন সোনাপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে ও সাকিল একই এলাকার আব্দুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুই যুবক একসঙ্গে বসে মোবাইলে গেম খেলছিলেন। তখন মোবাইল ফোনটি চার্জে লাগানো ছিল। হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে তারা দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মনজু জানান, রুবেলের চোখ ও মুখমণ্ডলের আঘাত অত্যন্ত গুরুতর। বিস্ফোরণের ফলে চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। এছাড়া শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল্লাহ আল মামুন জানান, চার্জে লাগিয়ে গেম খেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তে মোবাইলের ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
