
বেলাবোতে ১৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
নরসিংদীর বেলাবোতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ অক্টোবর) রাতে বেলাবো থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল পালানোর চেষ্টা করলে উজ্জ্বল মিয়াকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।
আটক উজ্জ্বল মিয়া বেলাবো উপজেলার চরকাশিমনগর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১৫৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা, উদ্ধার করা হয়।
এছাড়া তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উজ্জ্বল মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রাখা হয়েছিল বলে জানায় বেলাবো অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ ।
এ ঘটনায় বেলাবো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
