প্রকাশিত: ২০:০২, ১৭ অক্টোবর ২০২৬
শুরুতে তাসকিন আহমেদের জোড়া আঘাতে উচ্ছ্বাস ছড়িয়েছিল বাংলাদেশ শিবিরে। পরে আরও একটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেছিলেন এই পেসার। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেইলরের ব্যাটে বড় জুটি গড়ে এগোচ্ছে জিম্বাবুয়ে। তাঁদের শতরানের জুটিতে আপাতত উইকেটের খোঁজে টাইগার বোলাররা। ৩০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১৪৯ রান, উইকেট হারিয়েছে ৩টি।
ইনিংসের ২৫তম ওভারে সৌম্য সরকারের বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন ব্রেন্ডন টেলর। ৪০ বছর বয়সী এই ব্যাটারের এটি ৪০তম ওয়ানডে ফিফটি। এর আগে তাঁর ৩৯তম অর্ধশতকের পর দীর্ঘ ছয় বছরের বিরতি শেষে আবারও পঞ্চাশের ঘরে পৌঁছালেন তিনি।
টেলরের পর অর্ধশতকের দেখা পেয়েছেন ক্রেইগ আরভিনও। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুতে তিন উইকেট হারানোর ধাক্কা সামলে উঠেছে জিম্বাবুয়ে। তাঁদের জুটি ভাঙতে এখন মরিয়া বাংলাদেশের বোলাররা।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ট্রাই-নেশন সিরিজ ২০২৬-এর প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষেই ছিল। ইনিংসের প্রথম ওভারের ষষ্ঠ বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন আহমেদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ব্যাটার। এরপর বেন কারানকেও একইভাবে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন।
নিজের চতুর্থ ওভারে তৃতীয় আঘাত হানেন বাংলাদেশের এই পেসার। ১৫ বলে ১৬ রান করা তাফাদজওয়া সিগাকে নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান তিনি।
তবে এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। আরভিন ও টেইলরের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে জিম্বাবুয়ে।
