নিকলীতে মার্কেটে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় এক আইনজীবীর চেম্বার ও বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে বানিয়াহাটি এলাকায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর মালিকানাধীন সাবেক তিন বারের সংসদ সদস্য আমিন উদ্দিন মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, হামলায় মার্কেটের দোতলায় বেশ কয়েকটি সরকারি-আধা সরকারি ব্যাংক ছাড়াও ব্যবসাপ্রতিষ্ঠান ও আইনজীবীর চেম্বার ক্ষতিগ্রস্ত হয়। গতকাল মঙ্গলবার এ ঘটনায় মার্কেটের তত্ত্বাবধায়ক নয়ন তালুকদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে টিক্কলহাটি গ্রামের অনিক (২০), মীরহাটি গ্রামের রাফি (২১), দোয়ারহাটি গ্রামের সালমান (২২), ধোপাহাটি গ্রামের উদয় (২০), সাদ্দাম (২০), নয়ন (২২), গোয়ালহাটি গ্রামের মামুনসহ (২১) অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। মার্কেটের মালিক ও বিএনপির সভাপতি মিঠু জানান, ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ এরই মধ্যে হামলাকারীদের শনাক্ত করেছে। ওসি ইশতিয়াক আহমেদ জানান, বানিয়াহাটি গ্রামের আল আমিন ও ধোপাহাটি গ্রামের সালমানের মধ্যে ঝামেলার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হামলা চালায়। তারা আশপাশের বেশ কয়েকটি দোকানেও ভাংচুর করে।