মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ‘হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ২০২৬-২৭ সেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) মোরেলগঞ্জ পৌরসভার ৯০ রশি বাসস্ট্যান্ডসংলগ্ন মোরেলগঞ্জ মডেল মসজিদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ গিয়াস উদ্দিন,সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হাফেজ মাওলানা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ মেহমান হিসবেবে উপস্থিত ছিলেন, মৌলভীর হাট হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা’র মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা শফিকুল্লাহ কাসেমী, আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু বক্কর মোঃ আব্দুল্লাহ, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মোহাম্মদ রুহুল আমিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ টাউন জামে মসজিদের সাবেক ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ ইসলামী ব্যাংক এর সেকেন্ড অফিসার আবু জাফর মোহাম্মদ সালেহ।
পবিত্র কুরআনের হিফজ চর্চা, কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে হাফেজ শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার সুযোগ সৃষ্টি হয়।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে কুরআনের শিক্ষা ও চর্চায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
