টাঙ্গাইলের মির্জাপুরে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রাম থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
এ উপলক্ষে গোড়াইল গ্রামের মোখলেচুর রহমানের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, প্রকৃত প্রান্তিক ও দুস্থ পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো যোগ্য পরিবার যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
জেএইচআর
