রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বিমানবন্দরের আদলে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন ব্যবস্থায় স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের ব্যাগ স্ক্যান এবং শরীরে বহন করা ধাতব বস্তু শনাক্তের ব্যবস্থা থাকবে।
রোববার (২৫ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নতুন নিরাপত্তাব্যবস্থার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। এর আওতায় যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্তে আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং ব্যাগ ও অন্যান্য মালামাল পরীক্ষায় লাগেজ স্ক্যানার ব্যবহার করা হবে।
সংস্থাটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এ দরপত্র আহ্বান করেন। বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে। দরপত্রসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ওই পোর্টালে পাওয়া যাবে।
প্রস্তাবিত নিরাপত্তাব্যবস্থা চালু হলে মেট্রোরেল স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল স্ক্যান করা সম্ভব হবে। পাশাপাশি আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে শরীরে বহন করা ধাতব বস্তু শনাক্ত করা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, আধুনিক এসব সরঞ্জাম স্থাপন করা হলে নিরাপত্তা তল্লাশির সক্ষমতা বাড়বে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে।
তবে কতটি নিরাপত্তা যন্ত্র কেনা হবে, প্রথম পর্যায়ে কোন কোন স্টেশনে এসব সরঞ্জাম স্থাপন করা হবে এবং কবে থেকে যাত্রীদের নিয়মিত তল্লাশি শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
এদিকে একই দরপত্র বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোতে স্থাপিত বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। এর আওতায় লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচলব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ করা হবে।
দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে। আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হতে পারে। তবে সরঞ্জাম স্থাপন ও নিয়মিত তল্লাশি শুরুর সময়সূচি চূড়ান্ত হওয়ার পরই নতুন ব্যবস্থার বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
The post মেট্রোরেলের সব স্টেশনে বসছে নতুন সিস্টেম appeared first on ভোরের চেতনা.
