ঢাকার সাভারের আমিনবাজার এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আমিনবাজার অনলাইন ফিলিং স্টেশন অ্যান্ড সিএনজিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ট্রাকে গ্যাস নেওয়ার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ট্রাকের চালকসহ ঘটনাস্থলে থাকা চারজন আহত হন। পরে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
