চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় বন সর্দার (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে মহাসড়কের পটিয়া উপজেলার জলুরদীঘি এলাকায় শহীদ শাহ সড়কের পর ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বন সর্দার পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহাসড়কের ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বন সর্দার। এ সময় পটিয়ামুখী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কমলমুন্সির হাট এলাকার স্থানীয় ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী সম্রাট জানান, পটিয়ামুখী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাখাওয়াত জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিআরইউ
