ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষে নোমান আলি (৩৫) নামের এক চোরাকারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় রফিক (৪০) নামের এক বিজিবি সদস্যও গুরুতর আহত হয়েছেন। আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন তেলিখালী বিওপির একটি টহল দল সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে হালুয়াঘাট উপজেলার জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিদের কাছ থেকে ৪টি গরু জব্দ করা হয়। তবে পরবর্তীতে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে আক্রমণ চালিয়ে এর মধ্যে দুটি গরু ছিনিয়ে নিয়ে যায়।
বাকি জব্দ করা গরুগুলো নিয়ে ক্যাম্পে ফেরার পথে টহল দলের ওপর অতর্কিত হামলা চালায় চোরাকারবারিরা। হামলা প্রতিরোধের সময় চোরাকারবারিদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বিজিবি সদস্য রফিক আহত হন। এ সময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির আত্মরক্ষামূলক গুলিতে চোরাকারবারি নোমান আলি আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিজিবির গুলিতে একজন মারা গেছেন। তবে আসলে কীভাবে কি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
