সোনালি থালায় অভ্রচূর্ণের মতো ধবধবে সাদা ভাত; তা থেকে উঠছে সুগন্ধ! সোনালি মসলায় জারিত গাঢ় খয়েরি রঙের ঝোলের মধ্য থেকে উঁকি দেওয়া খাসির মাংস, সরষে বা ভাপা ইলিশ, পটোল ভাজা, কুচি কুচি করে কাটা আলুভাজা, কাটারিভোগ চাল আর পাকা রুইয়ের মাথা দিয়ে রান্না করা সুগন্ধি মুড়িঘন্ট, রুইয়ের পেটির ঝোল বা কালিয়া! সঙ্গে নরসিং বা কারিপাতাবাটা দিয়ে ভাজা খেসারির ডালের বড়া, ফালি করে কাটা পটোল আর এক টুকরা কাগজি লেবু। শেষ পাতে দই বা মিষ্টি। দশমীর দুপুরে খাবারের আয়োজন এমনি রাজসিক।
ষষ্ঠী থেকে নবমী—নিরামিষ। আর দশমীতে বিসর্জনের পর কাছা খুলে কবজি ডুবিয়ে আমিষ খানা। অসিলা পেলে যে জাতি খাওয়াকেই জীবনের মোক্ষ মনে করে, তাদের সামনে খাবার বিষয়ে দশমীর চেয়ে বড় অসিলা আর কী হতে পারে? এ জন্যই মনে হয় বিভিন্ন জায়গায় দশমীর খাবার নিয়ে বিভিন্ন ধরনের প্রথা ও মিথ প্রচলিত আছে। নিয়মের বেড়াজালে সেসব প্রথা এখন উধাও। পুরোনো প্রথা উধাও হলে নতুন প্রথা তৈরি হয় সমাজে। সে প্রথার অংশ হতে পারে নতুন নতুন খাবার।
এখন তো হাতের মুঠোয় ইউটিউব। চাইলে যমুনার চরের কোনো গ্রামে বসে আপনি স্প্যানিশ খাবারও রান্না করতে পারেন দশমীতে। অন্তত দশমীর অসিলায় যদি একটা নতুন খাবারও খেতে পারেন, মন্দ কী? দশমীর তিন পদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
আজকের পত্রিকা ডেস্ক

খাসির মাংসের সুস্বাদু পদ
উপকরণ
খাসির মাংস ১ কেজি, আদাবাটা ১ টেবিল চামচ, টক দই আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, কাজুবাদাম ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আস্ত এলাচি ও দারুচিনি ২-৩টি করে।
প্রণালি
মাংসের সঙ্গে সব উপকরণ মাখিয়ে রাখুন। পরে কড়াইতে সয়াবিন তেল গরম করে মেরিনেট করা মাংস দিয়ে ঢাকনাসহ রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর ঘি, বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে লবণ চেখে নিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল খাসির মাংসের সুস্বাদু পদ।
ইলিশের উল্লাস
উপকরণ
ইলিশের রিং পিস ৫ থেকে ৬ টুকরা, হলুদগুঁড়া এক চা-চামচ, শুকনা মরিচ ৭ থেকে ৮টি, রসুনের কোয়া ১২ থেকে ১৪টি, সিরকা ৬ থেকে ৭ টেবিল চামচ, সরিষাবাটা ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ৬ থেকে ৭ টেবিল চামচ।
প্রণালি
রিং পিস করা ইলিশ মাছ লবণ মাখিয়ে নেওয়ার পর ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর শুকনা মরিচ, রসুনের কোয়া, সরিষাবাটা, লবণ, হলুদগুঁড়া, সিরকা দিয়ে ব্লেন্ডারে অথবা পাটায় পেস্ট করে নিন। এবার হাঁড়িতে সরিষার তেল দিন। তারপর পেস্ট করা মিশ্রণটি দিয়ে নেড়ে নিন। এরপর লবণ দিয়ে মাখা মাছ দিয়ে এপিঠ-ওপিঠ করে হালকা ভেজে ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে রান্না করুন ১০ মিনিট। তারপর নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের উল্লাস।
নারকেলের পায়েস
উপকরণ
দুধ ১ লিটার, চিনি ২ কাপ, এলাচি ও দারুচিনি ২-৩টি করে, পোলাও চাল ১ কাপ এবং নারকেল কোরানো ১ কাপ।
প্রণালি
হাঁড়িতে দুধ ফুটে উঠলে চাল দিন। চাল সেদ্ধ হলে চিনি, এলাচি, দারুচিনি দিয়ে রান্না করুন। ১০ মিনিট পর আরেক কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করে কোরানো নারকেল দিন। ধীরে ধীরে আঠালো হয়ে উঠলে নামাতে হবে। এরপর বাটিতে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। খাওয়ার আগে পায়েসের ওপর কিছু কোরানো নারকেল ছড়িয়ে পরিবেশন করুন।

