সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে রিয়াদে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। এ ধরনের আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ।
এ সময় হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সৌদি সরকারের সার্বিক সহযোগিতা চান তিনি। পাশাপাশি হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও যথাযথ চিকিৎসাসেবা দেওয়ায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান সৌদি রাষ্ট্রদূত।
উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হন। এ ঘটনায় অন্তত ২৭ জন বাংলাদেশি আহত হন।
