বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানতে পারে, পাঁচবিবি উপজেলার বিভিন্ন পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে বিশেষ টহলদল ব্যাটালিয়ন সদর থেকে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন। এ সময় পৃথক দুটি অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটির ওজন ৪২ কেজি ৭০০ গ্রাম এবং অন্যটির ওজন ৩৭ কেজি ৬০০ গ্রাম। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার করা তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। বিজিবি মূর্তিগুলোর জব্দমূল্য নির্ধারণ করেছে ৮৯ লাখ ১০ হাজার টাকা।
উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
The post পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের তিন মূর্তি উদ্ধার, আটক ২ appeared first on ভোরের চেতনা.
