মুক্তির প্রথম দিনে আয় ছিল ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে প্রদর্শনী পেয়েছিল মাত্র ৬০টি। অথচ সেই কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ২৯ দিনে বিশ্বজুড়ে আয় করেছে ১১৪ কোটি রুপি।
পরিচালক মনোজ কুমারের নির্মিত সিনেমাটির বাজেট তিন কোটি রুপিরও কম। অর্থসংকটে বড় পরিসরে প্রচার চালাতে না পেরে অভিনয়শিল্পী ও কলাকুশলীরা রাস্তায় প্রচারপত্র বিলি করেন। এমনকি বাসে বাসে যাত্রীদের কাছে সিনেমাটি দেখার আহ্বান জানান। পরে দর্শকদের মুখে মুখে ছবিটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে ভারতের বাজারে ছবিটির আয় ছিল ৬ কোটি ২৫ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে আয় দাঁড়ায় ৩৯ কোটি রুপিতে। চতুর্থ সপ্তাহেও ভালো ব্যবসা করে সিনেমাটি।
গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে প্রেম, পারিবারিক সম্পর্ক ও দাম্পত্যের টানাপোড়েন নিয়ে নির্মিত ছবিটির গল্প দর্শকদের আকৃষ্ট করেছে। কন্নড় চলচ্চিত্রের তারকা যশ ও ঋষভ শেঠিও সিনেমাটির প্রশংসা করেছেন।
তবে ১১৪ কোটি রুপি মোট বক্স অফিস আয়; বিভিন্ন খরচ বাদ দিয়ে নির্মাতাদের প্রকৃত মুনাফা এর চেয়ে কম।
