দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করে কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল, যা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে কোনো কোনো মহল ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও বিতর্কিত করার চেষ্টা করছে। এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা সংসদে তুলে ধরা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাঁদের প্রতিনিধিদের জাতীয় সংসদে পাঠিয়েছেন। সেখানে আলোচনা ও বিতর্কের মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিতে হবে। যারা সরকারকে ভোট দিয়েছেন, তাঁদের পাশাপাশি যারা ভোট দেননি, সরকার তাঁদেরও সেবা করতে চায় বলে জানান তিনি।
রংপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, মহানগরের উন্নয়নে দুই সপ্তাহ আগে একটি সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ ও স্থানীয় সরকারব্যবস্থাকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের মানুষের প্রয়োজন অনুযায়ী অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, মানুষের প্রয়োজন বিবেচনায় সেতু, কালভার্ট, স্কুল-কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো পর্যায়ক্রমে নির্মাণ করা হবে। রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্ম ও মতের মানুষকে একসঙ্গে দেশের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারলেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। এ জন্য সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
এমএম/
