Published : 17 Oct 2026, 12:49 PM
Updated : 17 Oct 2026, 12:49 PM
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের আলি নগর এলাকায় গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেকজন।
শুক্রবার রাত সাড়ে ১১টার ওই ঘটনায় ২৬ বছর বয়সি তারেক হোসেন বাপ্পি নিহত হন। আহত হন ২২ বছর বয়সি তাফসির আলম শাওন।
নিহত বাপ্পি সীতাকুণ্ড উপজেলার মধ্যম বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা মৃত আলি আহমদের ছেলে। স্থানীয়ভাবে বাপ্পি যুবদল কর্মী হিসেবে পরিচিত।
আহত তাফসির আলম শাওন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলি নগর এলাকার বাসিন্দা ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়বকুন্ডের অলি নগরে সাদ্দাম নামের এক ব্যক্তির অফিসের সামনে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় বাপ্পি ও শাওন গুলিবিদ্ধ হয়।
“আহত অবস্থায় হাসপাতালে আনলে ইমার্জেন্সি বিভাগের ডাক্তার তাদের ২ নম্বর ওয়ার্ডে পাঠায়। সেখানকার চিকিৎসকরা তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত শাওন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
স্থানীয়রা জানায়, ওই এলাকায় কয়েকদিন ধরে বালির ব্যবসা নিয়ে বিরোধ চলছিল।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়বকুন্ডে গুলিতে এক যুবক নিহত ও অন্যজন আহত হয়েছেন। অন্তঃকোন্দলের কারণে হত্যাকাণ্ড বলে শুনেছি। ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক দুটোই হতে পারে। তদন্ত চলছে।”
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
