নিজস্ব প্রতিবেদক · ২৪ অক্টোবর, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ন
বড় ভাইয়ের বিরুদ্ধে বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ করেছেন আবুবকর সিদ্দিকী। ভাইয়ের আচরণে মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানালেও তার অমঙ্গল চান না তিনি। বরং ভাই যেন হাজার কোটি টাকার মালিক হন, সেই দোয়া করেছেন। নিজের কষ্টের কথা অন্যদের জানাতে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে একটি চিঠি দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগ খোলার পর টাকা ও বৈদেশিক মুদ্রার সঙ্গে চিঠিটি পাওয়া যায়। চিঠির শেষে নিজের ঠিকানা হিসেবে শুধু ভৈরবের নাম উল্লেখ করেছেন আবুবকর সিদ্দিকী।
চিঠির শুরুতে বিসমিল্লাহ লিখে নিজের মনের কষ্ট ও আর্তনাদের কথা তুলে ধরেন আবুবকর। তিনি জানান, ভাইদের মধ্যে তিনি সবার ছোট। বড় ভাই তাকে বিদেশে নেওয়ার বিষয়ে অনেক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
চিঠিতে আবুবকর লেখেন, এই প্রতারণা ও মানসিক কষ্ট আর সহ্য করতে পারছেন না তিনি। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। নিজের কষ্টের কথা তুলে ধরে মাজার কমিটির কাছে চিঠিটি গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। তার ইচ্ছা, সবাই যেন তার মনের কথা জানতে পারেন।
তবে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুললেও তার প্রতি শুভকামনা জানিয়েছেন আবুবকর। চিঠিতে তিনি লিখেছেন, কারও ক্ষতি চান না। আল্লাহর কাছে তার প্রার্থনা, ভাই যেন হাজার কোটি টাকার মালিক হন। একই সঙ্গে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি যেন অন্য কোনো ভাইয়ের জীবনে না ঘটে, সেই কামনাও করেছেন তিনি।
গুগলে আমাদের খবর পেতে
