শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর বয়স আনুমানিক ২৪ থেকে ২৭ বছর বলে জানিয়েছে পুলিশ। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামের মুখ খোলা থাকায় ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তাঁরা কাছে যান। এ সময় ড্রামের ভেতরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা আহেদ আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের কুড়িকাহুনিয়া সেতুর নিচে কুড়েমনি খালে একটি ড্রামের মধ্যে নারীর মরদেহ দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ড্রামের ভেতরে মরদেহটি পাওয়া যায়। নারীর মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে মরদেহটি নিচে ফেলে দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআইয়ের সদস্যরা বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে কাজ করছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
পিবিআই শেরপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। ইতিমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে।
যে আই
