Published on
:
1 min read
এই সময়: রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদরার সম্পর্কে কি চিড় ধরেছে? তা না হলে বোনের ছেলের ফোটোগ্রাফি প্রদর্শনী ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে কেন মুখ খুলছেন না মামা রাহুল? ভিয়েতনাম থেকে এক্স-এ একটাও মেসেজ রাহুল পোস্ট করেননি ভাগ্নে রেহান ভাদরার সমর্থনে! ‘কংগ্রেস এখন প্রিয়াঙ্কা বনাম রাহুল’ –এমনটাই অভিযোগ এ বার তুলেছে বিজেপি। তাদের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর কটাক্ষ, বিতর্ক তৈরি করে ছেলে রেহানকে রাজনীতিতে ‘সফট লঞ্চ’ করার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা!
রেহানের তোলা ছবির সোলো এগজ়িবিশনকে কেন্দ্র করেই বিতর্ক। দিল্লির আর্ট গ্যালারি বিকানের হাউসে তাঁর তোলা ছবির একক প্রদর্শনীতে একশোর বেশি ছবি দিয়েছিলেন রেহান। সেই ছবিগুলির মধ্যে ৭৪টি সরিয়ে ফেলতে বলেন বিকানের হাউস কর্তৃপক্ষ, কারণ সেই ছবিগুলিতে দিল্লিতে সাম্প্রতিক জেন-জ়ি-র প্রতিবাদ-বিক্ষোভের মুহূর্ত ধরা আছে। বিকানের হাউস ম্যানেজমেন্টের বক্তব্য, তাঁদের গ্যালারিতে শুধুমাত্র বন্যপ্রাণ ও সংস্কৃতি বিষয়ক ছবিই রাখা হয়। রেহানের ৭৪টি ছবির বিষয় রাজনৈতিক, তাই সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে।
বিজেপি মুখপাত্রের দাবি, দাদা রাহুল গান্ধীর উপর আস্থা নেই বলেই বিতর্ক তৈরি করে ছেলেকে রাজনীতিতে ‘সফট লঞ্চ’ করার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা, কিন্তু ভিয়েতনামে বসে অন্য সব বিষয়ে এক্স এ পোস্ট দিলেও রেহানকে নিয়ে একটি পোস্টও করেননি রাহুল। বিজেপির দাবি, ১০ জুন বিকানের হাউসকে লেখা ই-মেলে রেহান জানিয়েছিলেন, তাঁর ছবি প্রকৃতি, বন্যপ্রাণ, ভাস্কর্য নিয়ে, কিন্তু পরে পরিবারের চাপেই নাকি রেহান বাধ্য হয়ে রাজনীতির ছবিগুলি দিয়েছিলেন!
