স্বাবলম্বী পরিবার গঠন এবং পরিবারের সর্বাঙ্গীন আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সংক্রান্ত এক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের নানা কারিগরি দিক নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল বক্তব্য দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আন্দুল মান্নান সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, যুবদল নেতা আতিকুর রহমান রতন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধানসহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় বক্তারা ফ্যামিলি কার্ডের জন্য সংগৃহীত তথ্যের সঠিকতা ও নির্ভরযোগ্যতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, একটি বস্তুনিষ্ঠ তথ্যভান্ডার তৈরিই এ কর্মসূচির প্রধান ভিত্তি। তাই মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের পূর্ণ নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কাজ করার আহ্বান জানানো হয়।
