নাটোরের লালপুরে ৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে লালপুর থানা-পুলিশ। আটক দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মো. মান্টু মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী মোছা. নারগিছ খাতুন (৫০)।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারগিছ খাতুনের টিনশেডের ছাপরা ঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৮ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
থানার নথিপত্র যাচাই করে দেখা গেছে, আটক নারগিছ খাতুনের বিরুদ্ধে আগে দুটি এবং মান্টু মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
