কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের ওপর থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মো. জয়নাল আবেদীন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার দাঙ্গাপাড়া গ্রামের মো. নয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকার রেললাইনের ওপর ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভেড়ামারা থানার এএসআই মো. মোকলুকুর রহমানের নেতৃত্বে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়।
ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ জানান, ওই যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা, নাকি কোনো ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা, তা-ও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে থাকতে পারেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পোড়াদহ রেল পুলিশ ও ভেড়ামারা থানা পুলিশ তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নিচ্ছে।
