গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাব নতুন করে ছড়িয়ে পড়েছে। দেশটির অষ্টম প্রদেশ নর্থ উবাঙ্গিতে দুজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সীমান্তবর্তী এই প্রদেশে সংক্রমণ শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীদের নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কঙ্গোর বাইরে উগান্ডাতেও ইবোলা ছড়িয়েছে। চলতি মাসে কেনিয়ায় সাতজনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
দেশটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১৬ অক্টোবর পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ২৬ জন মারা গেছেন। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট সংক্রমণ বেড়ে ৯ হাজার ৪১৫ জনে এবং মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৫৩৬ জনে দাঁড়িয়েছে।
প্রাদুর্ভাবটি এখনো মূলত পূর্ব কঙ্গোতে কেন্দ্রীভূত। সর্বশেষ ৬৭টি সংক্রমণের মধ্যে ৪৪টি শনাক্ত হয়েছে ইতুরি প্রদেশে। নর্থ উবাঙ্গিসহ দেশটির আটটি প্রদেশে সংক্রমণ ছড়িয়েছে।
সূত্র: রয়টার্স
