ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই নতুন ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন এই অভিনেত্রী।
সম্প্রতি গাঢ় লাল শাড়ি ও বধূর সাজে ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন তিশা। ছবিতে তাঁকে দেখা গেছে জমকালো ব্রাইডাল সাজে। গাঢ় লাল শাড়ির পাড় ও আঁচলে রয়েছে সোনালি সুতার কারুকাজ। মাথায় লাল ওড়নায় ঘোমটা, গলায় ভারী সোনালি চোকার, কানে ঝুমকা আর কপালে টিকলি—সব মিলিয়ে ঐতিহ্যবাহী বধূরূপে ধরা দিয়েছেন তিনি।
হাতে সোনালি বালা ও লাল চুড়ির সমন্বয় তাঁর সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য। পরিপাটি খোঁপা, চোখে উইংড আইলাইনার ও ঠোঁটে মানানসই লিপকালার তাঁর সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। লাল শাড়ির সঙ্গে গয়নার সমন্বয়ও নজর কেড়েছে ভক্তদের।
ছবিটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনুরাগীরা তিশার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করছেন। শাকিব খান নামের একটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে, ‘তুমি আমার ক্রাশ’। ফারহানা নামের আরেকজন লিখেছেন, ‘তুমি সেরা’। এ ছাড়া অনেকেই অভিনেত্রীর বধূরূপের প্রশংসা করেছেন।
তবে মন্তব্যকারী শাকিব খান নামের ওই অ্যাকাউন্টটি চিত্রনায়ক শাকিব খানের কি না, তা নিশ্চিত হওয়ার তথ্য নেই।
এমএম/
