প্রতিনিধি, সুনামগঞ্জ · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে দিরাই পৌরসভার ভরারগাঁও ব্রিজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের হিমেল দাস (১৯) ও জয় দাস (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই থেকে বাড়ি ফেরার পথে ভরারগাঁও ব্রিজসংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তারা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) প্রশান্ত দাস তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
গুগলে আমাদের খবর পেতে
