ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বিসিবি একাদশ। আগে ব্যাট করতে নেমে দিনশেষে ভালো সংগ্রহ করেছে বিসিবি। সেঞ্চুরি হাঁকিয়েছেন কালাম সিদ্দিকী অলিন। আর ৮৬ রানের ইনিংস খেলেছেন জিসান আলম।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। বিসিবি একাদশের হয়ে ওপেনিংয়ে নামেন মাহফিজুল ইসলাম রবিন এবং জিসান আলম। রবিন ৮ বলে ৪ রান করে বিদায় নেন। তিনে নামা ইফতেখার হোসাইন ইফতি ৬২ বলে ১৮ রান করেন। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ১০০ বলে ৮৬ রান করে বিদায় নেন জিসান।
চারে নামা কালাম সিদ্দিকী অলিন ছিলেন দুর্দান্ত। দারুণ ব্যাটিংয়ে ১৬৪ বলে ১০২ রান করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত ১৩৫ রানে অপরাজিত থাকেন অলিন। এছাড়া অধিনায়ক জাকের আলী অনিক ৪৮ বলে ৩০ রান করেন। দিন শেষে টিকে ছিলেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তিনি করেছেন ৬৭ রান।
প্রথম দিনে ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান তুলেছে বিসিবি একাদশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন জশুয়া বিশপ ও কেভিন হজ। একটি করে উইকেট নেন জেইডন সিলস এবং জোমেল ওয়ারিকান।
এসএইচ/এমএমএম
