কেন ক্ষমা চাইলেন আলভারেজ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
আর্জেন্টিনার বিশ্বজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যাওয়ার জন্য বেশ আগ্রহ দেখিয়েছিলেন। আলভারেজকে দলে নিতে বার্সেলোনাও বেশ তোড়জোড় শুরু করেছিল। বার্সা ও আলভারেজের আগ্রহ থাকার পরও অ্যাটলেটিকো মাদ্রিদের অনড় অবস্থানের কারণে সেই আলোচনা ভেস্তে যায় যা মৌসুমে দল বদলের শেষ দিন পর্যন্ত গড়িয়েছিল। এবার সেই ঘটনার জন্য সমর্থকদের কাছে ক্ষমা আলভারেজ।
লা লিগায় শনিবার কষ্টার্জিত জয় তুলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দেপোর্তিভো লা করুণার বিপক্ষে ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেছেন আলভারেজ। এতে টেবিল টপার বার্সেলোনার থেকে মাত্র দুই পয়েন্ট দূরে আছে দলটি। এরপর সমর্থকদের কাছে ক্ষমা চান আলভারেজ।
আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছেন যে, বিশ্বকাপের সময় তিনি অ্যাটলেটিকো ছাড়তে চেয়েছিলেন, ‘বিশ্বকাপের সময় আমার বলা কথাগুলোর জন্য আমাদের ভক্তদের কাছে ক্ষমা চাইতে চাই। আমি যেভাবে নিজেকে প্রকাশ করেছি এবং যে সময়ে করেছি, তা ছিল একটি ভুল।’
‘আমি ভক্তদের বুঝতে পারছি, বিশেষ করে আমি আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন করে এসেছে। তারা আমার প্রতি খুবই উদার ছিল। এখন আমার কাজে লেগে পড়ার এবং নিজের সর্বস্ব দিয়ে দেয়ার সময় এসেছে।’
বার্সেলোনায় যোগ দেয়ার জন্য আলভারেজের চেষ্টার পর মৌসুমের শুরুটা চোট জর্জরিত ও কঠিন ছিল। মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো সমর্থকরা তাকে দুয়োধ্বনি দিতে থাকে।
নতুন পরিস্থিতি নিয়ে আলভারেজ বলেন, ‘আমি ক্রমশ ভালো অনুভব করছি। আমি সবসময় সমর্থন পেয়েছি। আমি নিজেকে উন্নত করার জন্য কাজ করছি। শারীরিকভাবে ভালো বোধ করছি…। জীবন ভালো থাকলে তার প্রতিফলন মাঠেও দেখা যায়। যদিও আমরা পেশাদার, তবুও সবকিছুরই প্রভাব আছে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
