রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সরকারকে সতর্কবার্তা ফারুকীর

প্রভাত বিনোদন : চলমান নানা আলোচনা-সমালোচনার মধ্যে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্র পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আড়ালে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন ফারুকী। তার মতে, বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত রাখার আড়ালে অন্য কোনো পক্ষ নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে তৎপর থাকতে পারে।
স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত এসব দিকে একটু চোখ টোখ রাইখেন।’
গত কয়েক সপ্তাহে সাবেক সেনা কর্মকর্তাসহ সীমান্তে এবং দেশের ভেতরে কয়েকটি গ্রেফতারের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা বিশ্লেষণ করলে অনেক কিছু অনুমান করা সম্ভব। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দিয়ে শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আরও দুজনকে যুক্ত করার কাজটি কারা করিয়েছে, তা খুঁজে দেখার আহ্বান জানান তিনি।
ফারুকীর ভাষ্য, বাংলাদেশে সরকারি পর্যায়েই রবীন্দ্রনাথকে উদযাপন করা হয়। তবে শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথের সঙ্গে অন্য দুজনকে যুক্ত করার ঘটনাটিকে তিনি অস্বাভাবিক বলে মনে করছেন। তার প্রশ্ন, এই উদ্যোগ কার পরিকল্পনায় নেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না।
এ বিষয়ে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর খোঁজখবর নেওয়া উচিত বলেও মনে করেন সাবেক এই সংস্কৃতি উপদেষ্টা। একই সঙ্গে দেয়ালে আঁকা ছবিতে কালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যারা ব্যস্ত, তাদের কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন তিনি।
ফারুকী আরও লেখেন, ‘যেটা বলতে চাইছি সেটা হলো সময় আসছে সরকারের সংস্থাগুলির বোঝার যে কে কোথায় কোন চাল চালতেছে। এগুলার মূল উদ্দেশ্য ফোকাস অন্য দিকে নেয়া এবং আমাদেরকে অন্য আলাপে ব্যস্ত রাখা।’
স্ট্যাটাসের শেষাংশে দেশের পুনর্গঠনকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে তুলে ধরেন ফারুকী। তার মতে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক- সব ক্ষেত্রেই বাংলাদেশকে পুনর্গঠনের বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। তিনি লেখেন, ‘আমাদের এখন প্রসঙ্গ একটাই- বাংলাদেশ। বাংলাদেশ পুনর্গঠন! রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক; সব ভাবে। এবং আলাপের প্রসঙ্গ একটাই কী কী ভাবে ফ্যাসিবাদি শক্তি আমাদের এই ক্ষেত্রগুলিকে ধ্বংস করছে এবং কীভাবে সেখান থেকে বের হয়ে আসা যায়।’
More News Of This Category

