শারদীয় দুর্গোৎসবে সাতক্ষীরায় ৫৮টি মণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১৮ অক্টোবর, ২০২৬ ৪৬ বার পঠিত
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার ৫৮টি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি, সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শনের সময় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির মন্দির পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
প্রেস ব্রিফিংয়ে লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবির প্রায় ১০ হাজার সদস্য সার্বক্ষণিক পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তে বিজিবির নিয়ন্ত্রণাধীন ৫৮ কিলোমিটার এলাকার অভ্যন্তরে মোট ২৯১টি পূজা মণ্ডপ রয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি মণ্ডপে সরাসরি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী ৩ কিলোমিটার এলাকার মধ্যকার ১টি মণ্ডপও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও জানান, শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ২,০০০ (দুই হাজার) বিজিবি সদস্য মোট ২৯২টি পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদারে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ, আনসার বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে বিজিবি। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারির পাশাপাশি বিজিবির টহল ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। বিজিবির মোট ১৬টি প্লাটুনের সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “বাংলাদেশ বিশ্বের বুকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উজ্জ্বল উদাহরণ। সকল স্তরের নাগরিক, মণ্ডপ কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় এবারও শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

