টঙ্গীর পৃথক স্থানে জলাশয় থেকে গত ২৪ ঘণ্টায় দুই ভাইবোনসহ চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পানিতে ডুবেই চার শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেন দাড়াইল ও বাকরাল এলাকার বাসিন্দারা। নিহতরা হলো পটুয়াখালীর দশমিনা থানার গছানি গ্রামের রাব্বি শেখের দুই সন্তান সুমাইয়া (৮) ও আব্দুল্লাহ (৬)। দাড়াইল এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের মেয়ে তাবাসুম (৪) ও ফরমান আলীর ছেলে সিদ্দিক (৫)। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার বিকেলে তুরাগ নদ-সংলগ্ন জলাশয়ে গোসল করতে নামে সুমাইয়া, আব্দুল্লাহ ও তাদের এক সহপাঠী। এ সময় স্রোতে তলিয়ে যায় ভাইবোন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপরদিকে সোমবার বাকরালের পার্শ্ববর্তী গ্রাম দাড়াইল এলাকায় জলাশয়ে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় দুই শিশু তাবাসুম ও সিদ্দিক। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাশাপাশি গ্রামের এমন ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাগরুদ্ধ হয়ে হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।