অনলাইন ডেস্ক
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে। শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টা পর্যন্ত নিহতের মরদেহ ভারতের ভেতরে পড়ে রয়েছে।
নিহতের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাটের আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের বাসিন্দা এবং খলিলুর রহমানের ছেলে।
এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন বাংলাদেশি চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহমান। এখনও মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, মরদেহ ফেরত আনার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত থেকেই বিজিবি মরদেহ শনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছে।
