দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই অপশক্তি লুটপাটের টাকা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তা দিয়ে তারা দেশের মধ্যে অরাজকতা তৈরি করে বোমাবাজি করে সন্ত্রাস করে।’
ফ্যাসিস্ট শক্তি একটা পরিস্থিতি তৈরি করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে বলে জানান রিজভী।
দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘দিন-রাত পরিশ্রমের মধ্যে দিয়ে এবং সতর্ক নজরদারীর মধ্যে দিয়ে নীল পরিকল্পনাকারীদের আস্তে আস্তে ধরা হচ্ছে। দুর্গাপূজা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে।’
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেককেই দিন-রাত সজাগ থাকতে হবে এবং অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে পূজামন্ডপগুলোতে। কেউ যেন ধর্মের বিষয়ে বিঘ্ন সৃষ্টি করতে না পারে। তাদেরকে নিরাপত্তা দেয়া, নিরাপদ রাখার প্রচেষ্টা আমাদের সবাইকে করতে হবে।’
রিজভী বলেন, ‘লুটপাটের টাকা আওয়ামী ফ্যাসিস্টদের হতে। দেশকে এক ভয়ঙ্কর অমানিশার মধ্যে রেখে পালিয়ে গেছে আওয়ামী লীগ। এখন সেটা পুনর্গঠনের কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।’
তরুণদের প্রশংসা করে রিজভী বলেন, ‘তরুণরা আছে বলেই দেশটিতে আবার গণতন্ত্র ফিরে আসছে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে।’
সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
