কালবেলা · খেলাধুলা
আরও বড় চমক, এবার কলকাতায় ‘এল ক্ল্যাসিকো’
১৩/১০/২০২৬

বিশ্ব ফুটবলে এই মুহুর্তে আলোচনার তুঙ্গে ভারত। কেননা, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের মতো দল সম্প্রতি খেলে গেছে যে দক্ষিণ এশিয়ার এই দেশে। তাদের ম্যাচ ঘিরে ফুটবল উন্মাদনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতায় আবারও বড় চমক। শহরের যুবভারতী ক্রীড়াঙ্গনে বসতে যাচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ ‘এল ক্ল্যাসিকো’। রাজ্য ক্রীড়া দপ্তরের বিরাট এই উদ্যোগে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও সবুজসংকেত মিলেছে বলে জানা গেছে।
সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ নভেম্বর যুবভারতীতে মুখোমুখি হবে স্প্যানিশ দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে রিয়াল-বার্সার বর্তমান দলের তারকারা নন, শীতের শুরুতে কলকাতার মাঠে প্রদর্শনী ম্যাচে দেখা যাবে দুই ক্লাবের একঝাঁক কিংবদন্তি ফুটবলারকে। যেখানে অন্যতম মূল আকর্ষণ হিসেবে মাঠে নামতে পারেন পর্তুগালের কিংবদন্তি তারকা লুই ফিগো।
বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম রোমাঞ্চকর লড়াই এই ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ ঘিরে শুধু স্পেন নয়, উন্মাদনা ছড়ায় পুরো বিশ্বজুড়ে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ঐতিহাসিক দ্বৈরথ পেরিয়ে যা এখন ছড়িয়ে পড়েছে ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামালদের লড়াইয়ে। ভারতেও এই দুই ক্লাবের বিশাল ভক্তশ্রেণি রয়েছে।
এবার ঘরের মাঠেই প্রিয় ক্লাবের সাবেক সুপারস্টারদের চোখের সামনে দেখার সুযোগ পাচ্ছেন তারা।
ভারতে লিজেন্ডদের ‘এল ক্লাসিকো’ এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের এপ্রিলে নবি মুম্বাইয়ে মুখোমুখি হয়েছিলেন দুই দলের সাবেক তারকারা; যেখানে রিয়াল ২-০ গোলের জয় তুলে নিয়েছিল। তবে কলকাতার এই রোমাঞ্চকর ম্যাচে উভয় দলের কারা কারা মাঠে নামবেন, সে চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। সাধারণত রিয়াল মাদ্রিদের লেজেন্ডস স্কোয়াডে লুই ফিগো, ইকের কাসিয়াস, পেপে কিংবা রবার্তো কার্লোসদের মতো মহাতারকাদের খেলতে দেখা যায়।
অন্যদিকে বার্সেলোনা লেজেন্ডসে থাকেন রিভালদো, রোনালদিনহো ও কার্লেস পুয়োলদের মতো বিশ্বজয়ী তারকারা। বিশ্বজুড়ে তাদের রয়েছে বিপুল জনপ্রিয়তা। সাধারণ ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে ম্যাচটির টিকিটের মূল্য হাতের নাগালেই রাখা হবে বলে জানা গেছে।
মূল প্রতিবেদনে যান ↗