আজকাল ওয়েবডেস্ক: হলদিয়ায় ৬,০০০ কোটি টাকার শিল্প বিনিয়োগকে সামনে রেখে রাজ্যের অর্থনৈতিক নীতি নিয়ে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যকে ভাতা-নির্ভরতা থেকে বের করে শিল্প ও কর্মসংস্থাননির্ভর অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিলেন তিনি। তাঁর বক্তব্য,পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর করে তুলতে হলে বিনিয়োগের পাশাপাশি স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।
হলদিয়া পেট্রোকেমিক্যালসের সম্প্রসারণ প্রকল্পের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে সংস্থার সরাসরি বিনিয়োগ প্রায় ৬,০০০ কোটি টাকা। প্রকল্পের মাধ্যমে সরাসরি ৪০০ জনের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি, পরোক্ষভাবে আরও প্রায় ১,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে শিল্পে বিনিয়োগের সুফল যাতে রাজ্যের যুবসমাজের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, দক্ষ কর্মীর সন্ধানে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে শিল্প সংস্থাগুলির যোগাযোগ বাড়ানো প্রয়োজন। হলদিয়া হাইট কলেজ, আইটিআই এবং দুর্গাচকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ্য কর্মী নিয়োগের জন্য ক্যাম্পাসিংয়ের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
স্থানীয় কর্মসংস্থানের প্রসঙ্গে জাতীয় সংহতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। প্ল্যান্টে কর্মরত এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের উল্লেখ করে তিনি জানান, ওই কর্মী আগরতলার বাসিন্দা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একসঙ্গে কাজ করবেন, সেটাই স্বাভাবিক। ভারতীয় হিসেবে গর্ববোধ করার পাশাপাশি কোনও ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে দূরে থাকার বার্তা দেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, শিল্পায়নের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান বাড়ানো এবং সরকারি ভাতার উপর নির্ভরতা কমানোকে তিনি অগ্রাধিকার দিতে চাইছেন। শুভেন্দু অধিকারীর কথায়, “আমাদের আত্মনির্ভর বাংলা, পশ্চিমবঙ্গ গড়তে হবে। এটাই আজকে আমাদের শপথ হওয়া উচিত।”
