সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, পতেঙ্গা, চট্টগ্রাম পরিদর্শন করেছেন। মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়। বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইফতেখার উদ্দিন, প্রভাষক আবির মাহমুদ ও ইয়াছিন আরাফাত এর তত্ত্বাবধানে মোট ২৬ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মূল উদ্দেশ্য ছিল শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে শিল্পকারখানার বাস্তব কার্যক্রমের সমন্বয় ঘটানো এবং ট্রান্সফরমারের নকশা ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা প্রদান করা। পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম, বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদনের বিভিন্ন পর্যায় এবং প্রকৌশল জ্ঞানের বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা লাভের সুযোগ পান। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ উপলব্ধি, প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধকরণ এবং পেশাগত দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি, শিল্পক্ষেত্রের কর্মপরিবেশ ও প্রকৌশল ভিত্তিক কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জনের মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হয়।
এ ধরনের শিল্পভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে এবং দক্ষ, যোগ্য ও শিল্পক্ষেত্রের উপযোগী প্রকৌশলী হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরিদর্শন শেষে ইইই বিভাগের শিক্ষকবৃন্দ—জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষণ প্রদানের জন্য ধন্যবাদ জানান।
