* নেয়া হয়েছে মতামত ও ভোট
* প্রতি ইউনিয়নে বাছাই হবে ৩জন করে
* সর্বোচ্চ মনোনয়ন প্রত্যাশী ফাজিলপুরে, সর্বনিম্ন ফরহাদনগর ও কাজিরবাগে
সদর প্রতিনিধি : ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী অন্তত ৮৫জন। প্রতিটি ইউনিয়ন বিএনপির শীর্ষ ৫ নেতা, অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক ও ওয়ার্ড সভাপতি-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এর ভোটের মাধ্যমে দলীয় প্রার্থীতা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। প্রতি ইউনিয়নে ৩জন করে প্যানেল তৈরী করা হবে। পরে ৩জন থেকে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি একজনকে মনোনয়ন দেবেন। তবে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন এর চেয়ারম্যান-মেম্বার পদে দলীয় মনোনয়ন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের পছন্দের উপরেই নির্ভর করছে।
ফেনী সদর উপজেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে ৮অক্টোবর থেকে ফেনী সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপির শীর্ষ ৫জন, ওয়ার্ড সমুহের সভাপতি, সাধারণ-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদলের শীর্ষ ২জন করে ও যে সকল ইউনিয়নে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি ও সদর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের জেলা, সদর উপজেলা নেতৃবৃন্দ আছে, পাশাপাশি চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, মহিলা মেম্বার প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাভুটি হয়। প্রতিটি নেতা ৩জন করে লিখিতভাবে নাম প্রস্তাব করেন। ১১অক্টোবর মোটবী, ফাজিলপুর ও ফরহাদ নগরের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়।
সূত্র আরো জানায়, সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে বালিগাঁও ছাড়া বাকি সব ইউনিয়নে অন্তত ৭৯জনের নাম জমা পড়েছে। এরমধ্যে সর্বোচ্চ মনোনয়ন প্রত্যাশী ফাজিলপুর ইউনিয়নে, সেখানে ১৩জনের নাম জমা পড়েছে। সর্বনিম্ন মনোনয়ন প্রত্যাশী ফরহাদনগর ও কাজিরবাগে। এই দুই ইউনিয়নে ৩জন করে প্রত্যাশীর নাম জমা পড়েছে। এর বাহিরে বাকি সব ইউনিয়নে ৭ থেকে ৮জন করে নাম জমা পড়েছে। ১১ইউনিয়নে সর্বমোট ৭৯এর কমবেশি নাম জমা পড়েছে। সেখান থেকে ভোটের ফলাফলের ভিত্তিতে ৩জন করে বাছাই করা হবে। পরে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি ১জনকে মনোনয়ন দিবেন বলে সূত্রটি জানায়।
সূত্রটি আরও জানায়, বালিগাঁও ইউনিয়ন মনোনয়নের বিষয় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর উপর ছেড়ে দেয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, ‘কেন্দ্র থেকে প্রার্থীর তালিকা পাঠানোর জন্য বলা হয়। পরে আমরা উপজেলা বিএনপি সিদ্ধান্ত নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন নেতাদের মতামত নেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকি। আমরা সংশ্লিষ্ট সবার মতামত নিয়েছি। সেখানে যাদের নাম আসবে, যারা প্রস্তাবে এগিয়ে থাকবে সেখান থেকে ৩জনের নাম উপস্থাপন করা হবে।’
The post ফেনী সদরের ১২ ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৮৫জন appeared first on দৈনিক ফেনীর সময়.
