নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে সাত লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সোমবার (১২ অক্টোবর) বিজিবি’র যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৭২টি ভারতীয় শাড়ী, ১টি কম্বল, ০.৫ কেজি জিরা, ২.৫ কেজি কিসমিস, ১২২টি চকলেট এবং ১৬২টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।
এক বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র এই ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
