চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির একটি প্রোবক্স গাড়ির ধাক্কায় মো. সাদেক মিয়া (৫৯) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক মিয়া মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা আব্দুল জব্বার বাড়ির মজিবুল হক মিস্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন সাদেক মিয়া। এ সময় দ্রুতগতির একটি প্রোবক্স গাড়ি তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মো. ফারুক বলেন, বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় দ্রুতগতির প্রোবক্স গাড়ির ধাক্কায় সাদেক মিয়া গুরুতর আহত হন। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে।
আতিকুল হা-মীম/এইচএস
