প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের জমানায় রাজভবনের নাম লোকভবন হয়েছিল। এবার বাংলার বিশিষ্ট মনীষী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে লোকভবনের ৬টি প্রবেশদ্বারের নামকরণ করা হল। লোকভবনের যে গেট দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল যাতায়াত করেন অর্থাৎ দক্ষিণ দিকের গেটটির নাম রাখা হয়েছে ‘ঋষি বঙ্কিম দ্বার’।
এজি বেঙ্গল ও কলকাতা হাই কোর্টের দিকের গেটটি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতায়াত করেন। এই গেটটির নামকরণ করা হয়েছে ‘ডক্টর বিধানচন্দ্র রায় দ্বার’। রাজভবনের উত্তরের দিকের প্রধান গেটটি মূলত সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। এই গেটটির নাম দেওয়া হয়েছে ‘কবিগুরু দ্বার’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারেই এই নামকরণ করা হয়েছে। অন্যদিকে, উত্তর-পশ্চিম দিকের গেটের নাম রাখা হয়েছে ‘ক্ষুদিরাম বোস দ্বার’। উত্তর-পূর্ব দিকের গেটের নাম রাখা হয়েছে ‘রাজা রামমোহন রায় দ্বার।’ সিধু কানুর নামে পূর্ব গেটের নামকরণ করা হয়েছে। জানা গিয়েছে, ‘ঋষি বঙ্কিম দ্বার’ থেকে রাজভবনের ভিতরের গেট পর্যন্ত রাস্তার নামকরণ করা হয়েছে ‘কর্তব্য পথ’। এই কর্তব্য পথ পেরিয়েই রাজভবনে প্রবেশ করতে হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যপালকে।
প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের জমানায় রাজভবনের নাম হয়েছিল লোকভবন। বর্তমান রাজ্যপাল আর এন রবির আমলে রাজভবনের ৬টি গেটের নামকরণ করা হল। আর এন রবির উদ্যোগেই বাঙালী মনীষী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে লোকভবনের গেটগুলির নামকরণ হয়েছে। গেটের সামনে বোর্ডে প্রত্যেকটি দ্বারের নাম লেখা হয়েছে। শুধু নাম নয়, নামের আগে অশোক স্তম্ভও খোদাই করা হয়েছে।
